ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দেশে এখন যোগ্যতার কোনো মূল্য নেই। টাকা আমাদের সব দখল করে ফেলেছে। টাকার কাছে আমরা বিক্রি হয়ে গেছি বলে মন্তব্য করলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ২০তম জাতীয় সম্মেলন ও ৩৮তম কাউন্সিলে সমাপনী পর্বে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশে নিয়োগ পেতে হলে ৩ লাখ টাকা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে ৮/১০ লাখ টাকা ঘুষ দিতে হয়। বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। কিন্তু আমরা সবকিছু নিয়ে রাজনীতি করি। এরশাদ বলেন, সুন্দর দেশটাকে আমরা ধ্বংস করে ফেলছি। টাকাই সব কিছু নয়। সম্মান ও বিবেক সবচেয়ে বড়। নিজের বিবেকের কাছে বড় থাকাটাই বড়। আসুন দুর্নীতি ও কর্মবিরতিকে না বলি।
তিনি আরও বলেন, আমি পলিটিশিয়ান নই। আমি সোলজার। কিন্তু আমি তো দেশ নিয়ে ভেবেছি। এখন রাস্তায় গরুর গাড়ি নেই, আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছি। আমি উপজেলা করেছিলাম। কিন্তু উপজেলা এখন আর পূর্ণাঙ্গ নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম হামিদ।




