চ্যাম্পিয়নস লিগ সেমির লড়াইয়ে মঙ্গলবার চেলসির মুখোমুখি হচ্ছে এই মৌসুমের ‘সারপ্রাইজ প্যাকেজ’ অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু এই ম্যাচে অ্যাটলেটিকো তাদের ভরসার গোলরক্ষককে খেলাতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ঘোরতর সংশয়। নাহ, কোনো চোট কিংবা বহিষ্কারাদেশ অনিশ্চয়তায় ফেলেনি অ্যাটলেটিকো গোলরক্ষক থিবো কর্তুয়ার খেলা। এই অনিশ্চয়তা তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি কারণে। ‘আইনি মারপ্যাঁচে পড়ে কর্তুয়া মিস করলেও করতে পারেন এই ম্যাচ।
সমস্যাটা মূলত চেলসি ও অ্যাটলেটিকোর মধ্যকার একটি ধারচুক্তি নিয়ে। চেলসি শিবিরে অনিয়মিত কর্তুয়াকে ধারে এই মৌসুমে অ্যাটলেটিকোকে দিয়ে দিয়েছিল স্টামফোর্ড ব্রিজ কর্তৃপক্ষ। ধারচুক্তিতে নাকি একটি ধারা আছে যে চুক্তির মেয়াদের মধ্যে কর্তুয়াকে কখনোই চেলসির বিপক্ষে কোনো খেলায় ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করতেই হয়, তাহলে অ্যাটলেটিকো গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ।
তবে অ্যাটলেটিকোর আশা, খোদ উয়েফা নাকি বিরক্ত এ ধরনের চুক্তির ধারা নিয়ে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, এ ধরনের চুক্তির ধারা চ্যাম্পিয়নস লিগ বাইলজের সঙ্গে সাংঘর্ষিক। উয়েফার এমন মনোভাবেই কিনা কর্তুয়াকে খেলানোর ব্যাপারে আত্মবিশ্বাসই জোগাচ্ছে অ্যাটলেটিকোকে। কোচ সিমিওনে অবশ্য পুরো ব্যাপারটিকেই উড়িয়ে দিতে চান ‘অপ্রয়োজনীয় আলোচনা’ হিসেবে, ‘আমি তো এ ব্যাপারে কিছু জানি না। তাঁর না খেলার কী কোনো কারণ আছে? আমার দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এক আলোচনা।’ রয়টার্স।




