ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ যেন বিকৃত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে, জাতীয় নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত, ভেজাল প্রতিরোধে সরকার, সেচ্ছাসেবী সংস্থা ও মিডিয়ার ভুমিকা শীর্ষক সেমিনারে তিনি বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যে যেমন ভেজাল সৃষ্টি করা হচ্ছে, তেমনি আজকে অনেকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করে ভেজাল সৃষ্টি করছেন। আমি আশা করি, সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজনীতি ভেজাল মুক্ত রাখবেন।’ তিনি বলেন, শুধু আইন করেই নয় সবার সচেতনতাই পারে ভেজাল রোধ করতে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।




