বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদখেলার সময়এবার ইনজুরিতে নেইমার

এবার ইনজুরিতে নেইমার

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

একের পর এক ধাক্কায় বেসামাল হয়ে পড়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোপা ডেল রের ফাইনালেও হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে নেইমারের ইনজুরি। বাম পায়ের এই চোটের কারণে এখন চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।

কোপা ডেল রের ফাইনালে নিশ্চিত একটা গোলের সুযোগ নষ্ট করেছিলেন নেইমার। ৮৯ মিনিটে সেই গোলটি করতে পারলে খেলায় ২-২ গোলের সমতা ফেরাতে পারত বার্সেলোনা। কিন্তু নেইমারের শট ফিরে আসে গোলপোস্টে লেগে। সেই আক্ষেপ ভুলতে না ভুলতেই ইনজুরির কবলে পড়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

এবারের মৌসুমের বড় দুটি শিরোপা ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে বার্সেলোনার। এখন শুধু টিকে আছে লা লিগা জয়ের স্বপ্ন। গ্রানাডার বিপক্ষে ১-০ গোলে হারের পর সেই কাজটাও হয়ে গেছে অনেক কঠিন। এখন লিগের পরবর্তী চারটি ম্যাচে নেইমারকেও মাঠে পাবে না বার্সা। অ্যাথলেটিক বিলবাও, ভিলারিয়াল, গেটাফে ও এলচের বিপক্ষে দর্শক হয়েই থাকতে হবে নেইমারকে। তবে মৌসুমের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে নেইমার খেলতে পারবেন বলেই আশা করছে বার্সেলোনা। শুধু নেইমারই না, ইনজুরির কবলে পড়েছেন জরডি আলবাও। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বার্সেলোনার এই স্প্যানিশ ডিফেন্ডারও তিন বা চার সপ্তাহ মাঠে নামতে পারবেন না।— গোল ডটকম

আরও পড়ুন

সর্বশেষ