গণজাগরণ মঞ্চের কর্মী পরিচয়দানকারী মো: হাসিবি শহিদি শিশিরকে (৩০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তিনি জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাংলামোটরে সিঙ্গার শো রুমের বিপরীত দিকের রাস্তা দিয়ে শাহবাগে আসার পথে একটি সাদা প্রাইভেটকারযোগে ৮-১০ জন আমাকে পথরোধ করে ঘিরে ফেলে। ধারালো ছুরির ভয় দেখিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করা হলে তাদের সঙ্গে আমার ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তারা আমার বা হাতে ছুরিকাঘাত করে। পরে চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল কলেজে শিশিরের সঙ্গে আসা হাবিবুল্লাহ মেসবাহ জানান, তারাও একসময়ে একত্রে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলেন। ইমরান এইচ সরকারের স্বেচ্ছাচারিতা- অপকর্মের প্রতিবাদে তারা দল থেকে বের হয়ে আসেন।
ইমরান এইচ সরকার তার লোকজন দিয়ে শিশিরের ওপর হামলা করেছে বলেও তিনি অভিযোগ করেন।




