ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা মা হয়েছেন। রবিবার রাতে রাজধানীর উত্তরায় সালাউদ্দিন হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। পূর্ণিমা ও তার স্বামী ফাহাদ জামাল তাদের সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পূর্ণিমা বলেন, ‘এ এমনই এক স্বর্গীয় সুখ প্রাপ্তি যা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।’
বিয়ের পর পূর্ণিমা সিনেমা জগত থেকে নিজেকে গুটিয়ে নেন। লাইট-ক্যামেরার জগৎ থেকে বিদায় নিয়ে সংসারী হন। ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবির মধ্য দিয়ে নায়িকা পূর্ণিমার যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে পূর্ণিমা অভিনয় করেন রিয়াজের বিপরীতে। এরপর আস্তে আস্তে চলচ্চিত্র জগতে নিজের আসন পাকা করে শীর্ষে চলে আসেন। অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে সারা ফেলে দেন এ নায়িকা।



