শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাগর-রুনি খুন নিয়ে র‌্যাবের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই : কর্নেল জিয়া

সাগর-রুনি খুন নিয়ে র‌্যাবের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই : কর্নেল জিয়া

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে র‌্যাবের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। হত্যাকাণ্ডের সময় কারা বা কয়জন সেখানে ছিলেন, কিংবা কারা জড়িত ছিলেন তা এখনো জানা যায়নি। এসব কথা বলেছেন র‌্যাব’র অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান।

অনলাইন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি খবর শনিবার সন্ধ্যায় প্রকাশিত হওয়ার পর র‌্যাবের এই শীর্ষ কর্মকর্তা বেশ উষ্মাও প্রকাশ করেন। তিনি বলেন, র‌্যাবের কোনো কর্মকর্তার কাছেই সাগর-রুনি হত্যার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। নাম প্রকাশ না করেও কারো পক্ষে এমন তথ্য দেওয়া সম্ভব নয়। যে খবরটি প্রকাশিত হয়েছে সেটিকেও ঢাহা মিথ্যা বলে উল্লেখ করেন কর্নেল জিয়াউল আহসান।

তিনি বলেন, সাগর-রুনি হত্যাকা- একটি চাঞ্চল্যকর ঘটনা। র‌্যাবের কাছে এর তদন্তভার রয়েছে এবং সর্বোতভাবেই র‌্যাব চেষ্টা চালিয়ে যাচ্ছে এর হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার। জিয়াউল আহসান আরও বলেন, যে কোনো অগ্রগতি জানা গেলে তা সংবাদমাধ্যমকে অবশ্যই অবহিত করা হবে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর রাজাবাজারে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন রুনি। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাগর-রুনি হত্যাকারীদের খুঁজে বের করা হবে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দেওয়া এমন ঘোষণা ব্যর্থ হয়। পরে দুই বছর কেটে গেলেও এর কোনো কুল কিনারা করা সম্ভব হয়নি। সাগর-রুনি হত্যার এক মাসেরও বেশি সময় পরে এর তদন্তভার র‌্যাবকে দেওয়া হয়।

এ প্রসঙ্গে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঘটনার আলামতগুলো সঠিকভাবে সংরক্ষিত না হওয়ায় এবং ঘটনার একমাস পরে তার তদন্তভার র‌্যাবের হাতে আসায় কাজটি কঠিন হয়ে পড়ে। তবে ঘটনার পরপরই র‌্যাব নিজস্ব ছায়া তদন্ত অব্যাহত রেখেছিলো, তার ভিত্তিতেই তদন্ত কাজ এগুচ্ছে।

জিয়াউল আহসান আশা প্রকাশ করে বলেন, খুনিরা একদিন চিহ্নিত হবেই এবং ধরা পড়বেই। আর যখন তাদের চিহ্নিত করা সম্ভব হবে তা অবশ্যই সংবাদ মাধ্যমকে জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ