ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিরোধী শক্তিকে দমন করতে সরকার প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহার করছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর শ্রমিক দলের কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন প্রথম দফা ভালো হয়েছে, দ্বিতীয় দফা মোটামুটি ভালো হয়েছে। কিন্তু তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফা নির্বাচনে অংশ নেয়ার মতো না।
তিনি আরো বলেন, ‘ভয়ে ক্ষমতা ছাড়তে চায়নি, নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা দিতে চায়নি যার জন্য বাংলাদেশের ৯০% মানুষ বলেছে আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না, অতীতেও হয়নি, এবারও হবে না। সেজন্যই এ দৈন্যদশা আওয়ামী লীগের।’
পুলিশ প্রশাসনসহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ এবং দুর্নীতি বন্ধের তাগিদ দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে পুলিশ প্রশাসন নষ্ট করে ফেলা হচ্ছে।’ দেশে গুম, খুনের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।




