ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, মানুষের অর্থনৈতিক মুক্তি আজও আমরা পুরোপুরি অর্জন করতে পারিনি। তোমাদের সে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। শনিবার রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এবং ২০১৩ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ক্লাসনোট আর কোচিং সেন্টারের নোটসর্বস্ব জ্ঞানে নিজেকে সীমাবন্ধ না রেখে বই পড়ার অভ্যাস করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিল্প, সাহিত্য, সাংস্কৃতি, ক্রীড়া চর্চা তোমাদের জীবন আরও উন্নত করবে।’
শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিটি মানুষ কমবেশি মেধা নিয়ে জন্মগ্রহণ করে। অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব হচ্ছে সে মেধাকে কাজে লাগানো। শিক্ষকরা তাদের মেধা, মনন ও দক্ষতা দিয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের মেধার বিকাশে সর্বোচ্চ প্রয়াস চালাবেন।’ তিনি বলেন, ‘নিয়মিত পড়াশুনার পাশাপাশি চিত্রকলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা এবং খেলাধুলা তোমাদের জীবনকে সম্বৃদ্ধ করবে।’
রাষ্ট্রপতি বলেন,বঙ্গবন্ধু সবসময় একটি সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। তোমরা তার সেই স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।’ তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই তাদের প্রজ্ঞা ও দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান এনামুল হক এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য ফারুক চৌধুরী, আব্দুল ওয়াদুদ দারা ও মো. আয়েন উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ খায়রুজ্জামান লিটন ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান।




