চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
এক নারী শ্রমিককে লাঞ্ছিত করার ঘটনায় শ্রমিকদের বিক্ষোভের মুখে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) এইচকেডি ইন্টারন্যাশনাল নামের একটি তাবু কারখানা দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা ও মালিকপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন শিল্প পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) নুরুজ্জামান।
তিনি বলেন, ‘শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে মালিকপক্ষ মানবসম্পদ বিভাগের মো. সাহাবউদ্দিন এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। এছাড়া, কাজের পরিবেশ ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটিতে দুই দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’ এর আগে, বেলা সাড়ে এগারোটার দিকে প্রতিষ্ঠানের এক নারী শ্রমিককে লাঞ্ছনার অভিযোগে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এসময় প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাংচুরও চালায় তারা।
ইপিজেড থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, ‘ফ্লোর পরিবর্তনের জের ধরে এক নারী শ্রমিককে লাঞ্ছনা করে মানব সম্পদ বিভাগের কর্মকর্তা সাহাব উদ্দিন। এর জের ধরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বিষয়টি মীমাংসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।’ কোরিয়ান মালিকানাধীন এইচকেডি ইন্টারন্যাশনাল নামের এ প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় তাবু উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি। প্রতিষ্ঠানটি সিইপিডের ৫ নম্বর রোডে অবস্থিত।




