চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
স্বাস্থ্য সেবায় এগিয়ে আসতে সামাজিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। তিনি বলেন, ‘স্বাস্থ্য সেবায় ব্যবসায়ীরা বিনিয়োগ করলে আমাদের স্বাস্থ্য সেবার মান আরো বেড়ে যাবে। দরিদ্র জনগোষ্ঠী চিকিৎসা সেবা পাবে।’ মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী রিহ্যাবের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০টি শয্যা হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, স্বাচিপ নেতা ডা. শেখ শফিউল আজম, রিহ্যাব চট্টগ্রাম জোনাল চেয়ারম্যান আব্দুল কৈয়ূম চৌধুরীসহ রিহ্যাব কর্মকর্তারা।
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন,‘রিহ্যাব যেভাবে এগিয়ে এসেছে সেভাবে ব্যবসায়ীরা এগিয়ে আসলে সেবার মান অনেক দূর এগিয়ে যাবে। আমাদের বার্ন ইউনিটের খুবই দুরবস্থা। বিশেষ করে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্ঠি করে মানুষকে পুড়িয়ে মেরেছিল তখন বার্ন ইউনিটগুলোতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেয়েছে চিকিৎসকরা।’ মন্ত্রী বলেন,‘বিভিন্ন কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষ অগ্নিদগ্ধ হয়। কিন্তু সে তুলনায় দেশে বার্ন ইউনিট নেই। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় একটি করে বার্ন ইউনিট নির্মাণ করা হবে।’
মো. নাসিম বলেন,‘আগামী বাজেটে স্বাস্থ্য খাতে দুই হাজার কোটি টাকা বাড়ানো হবে। অর্থমন্ত্রী এ ব্যাপারে আমাকে আশ্বস্থ করেছেন। বাজেট বাড়ানোর মাধ্যমে গ্রামেগঞ্জে চিকিৎসা সেবা ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা এ সরকারের রয়েছে তা বাস্তবায়ন সম্ভব হবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয় উন্নীত করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। একটি কমিটি করা হয়েছে। কমিটি কিভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে এবং বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে কি কি প্রয়োজন তা নিরুপণ করে কমিটি প্রতিবেদন জমা দিবে। আশা করছি আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।’




