ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিরোধী দলের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা যাতে শপথ নিতে না পারেন সেজন্য তাদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের জুলুম-নির্যাতনে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি। আজ দুপুরে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এসব অভিযোগ করেন। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, উপজেলা নির্বাচনের প্রতিটি ধাপে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় রেখে সরকার সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে নির্লজ্জ ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন। এছাড়া জাটভোট প্রদান, কেন্দ্রদখল ও ব্যালটবাক্স ছিনতাইয়ে সরকার দলের ক্যাডারদের সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা নির্বাচনের পর বিরোধী নেতাকর্মীদের হামলা চিত্র তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, ৩১শে মার্চ উপজেলা নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলের ক্যাডাররা। টাঙ্গাইলের গোপালপুর, সিলেট, লক্ষ্মীপুর, জামালপুর, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, বাগেরহাটের রামপাল, সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালি, কিশোরগঞ্জের হোসেনপুর, কক্সবাজারের উখিয়া, ঝিনাইদহের কালিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হচ্ছে। নির্বাচিত চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ করে তিনি বলেন, ইতিমধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে বিরোধী দল সমর্থিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই মিথ্যা মামলা শিকার হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এছাড়া চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানসহ অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালীন আন্দোলন কর্মসূচি না দেয়ার শিক্ষামন্ত্রীর আহ্বানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন বলেন, জনদুর্ভোগ হয় এমন আন্দোলন কর্মসূচি বিএনপি দেবে না। জনগণের সমর্থন নিয়ে যথাযথ প্রক্রিয়ায় সরকার পতনে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।




