চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে আরেফিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এতে আহতবস্থায় আছেন আরো ৮ জন। বৃহস্পতিবার বিকালে দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি ভাঙ্গার জন্য এখানে আনা হয়। আক্রান্তদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়।
আরেফিন এন্টারপ্রাইজের মালিক মো. কামাল উদ্দিন জানান, কাটার জন্য পুরাতন জাহাজটি শিপ ইয়ার্ডে আনা হয়। দুপুরে ইলেকট্রিক মালামাল ক্রয় করার জন্য ১৫-১৬ জনের একটি ব্যবসায়ী দল জাহাজটিতে যান। ভুলক্রমে কার্বন-ডাই-অক্সাইডের বোতল খুলে ফেললে তারা গ্যাস আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আহত শ্রমিকদের চট্টগ্রামে নিয়ে এ কে খান গেইট এলাকার আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়।




