মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বিশ্বকাপ সেলিব্রেশন কনসার্ট বৃহস্পতিবার

বিশ্বকাপ সেলিব্রেশন কনসার্ট বৃহস্পতিবার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

এযাবত কালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এতোটা জাঁকজমকভাবে কোন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়নি। মূলত: কোন অনুষ্ঠানই আইসিসি আয়োজন করে না। আইসিসির কাছে খেলাটাই মূখ্য। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কতিপয় উচ্চবিলাসী পরিকল্পনার অংশ হিসেবে এবারই প্রথমবারের মতো কোটি কোটি টাকা অহেতুক অপচয় করে এরুপ অনুষ্ঠান আয়োজন করছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেলিব্রেশন নাম দিয়ে মূলত উদ্বোধনী অনুষ্ঠান করছে। ১৩ মার্চের এই অনুষ্ঠানের কারণে দীর্ঘদিন ধরে এই মাঠে ফুটবল প্রতিযোগিতা বন্ধ রয়েছে।

২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের কথা এখনো আড্ডার টেবিলে ঝড় তোলে। এখনো অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো আলোচনার কেন্দ্রে থাকে বিশ্বকাপ ক্রিকেটের ওই মনোমুগ্ধর উদ্বোধনী অনুষ্ঠানটি। জমকালো, চোখজুড়ানো ওই অনুষ্ঠানটির বিশ্বব্যাপী রেটিং ছিল বেজিং অলিম্পিকের পর। ওই অনুষ্ঠানের প্রেরণায়ই হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-২০ বিশ্বকাপের আগে আরও একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। প্রায় ৬ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটিকে অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান বলছে না বিসিবি। তারা বলছে, টি-২০ বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে বাংলাদেশি ও ভারতীয় সঙ্গীত তারকাদের নিয়ে আয়োজিত হবে বিসিবি সেলিব্রেশন কনসার্ট। অনুষ্ঠানটির বাজেট প্রায় ১৮ কোটি টাকা। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল আইসিসির। এবারেরটা শুধুই বিসিবির। অর্থায়ন করার কথা সরকারের। কিন্তু কত টাকা দিবে সরকার, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি বিসিবি কর্তৃপক্ষ। কেননা ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের টাকা এখনো বাকি রয়েছে।

বিসিবির এখনকার কার্যক্রম চলছে ধার দেনা করে। কিছুদিন আগে ক্রিকেট বোর্ড একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ করেছে প্রায় ৯ কোটি টাকা। বিসিবি তার রেভিনিউ বাড়াতে পারছে না। বিক্রি করতে পারছে না টিভি রাইটস। নিমবাসের সাথে টিভি রাইটস নিয়ে ঝামেলা শেষ হচ্ছে না। আবার নতুন বিপদ সাহারার ইমেজ নিয়ে। কারণ বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর সাহারা। অথচ নিজ দেশ ভারতে এর কর্ণধার সুব্রত রায় সাহারা জেল খাটছেন। পাশাপাশি মুখে চুল কালি মেখেছেন। এ ভাবে একের পর এক বিপদে পড়ছে বিসিবি। কিন্তু তারপরও তাদের হুশ হচ্ছে না। তারা আছে সাহেবী কায়দায় যতসব অনুষ্ঠান করার পায়তারায় নিয়োজিত। ১৮ কোটি টাকা খরচ করে আয়োজন করছে জমকালো অনুষ্ঠানের। এ বিষয়ে বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, অর্থের বিষয়ে আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয়। তবে আমি শুনেছি, জানি অর্থায়ন করবে বিভিন্ন বেসরকারি ব্যাংক, কর্পোরেট হাউস।

গত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ১০ কোটি টাকা দেওয়ার কথা ছিল সরকারের। শোনা যায় সেই টাকা এখনো পায়নি বিসিবি। তারপরও অনুষ্ঠানের আয়োজন করছে বিসিবি। আয়োজন করা হচ্ছে মূলত ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা বাড়াতে, তেমনই জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও, এটি আসলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান নয়। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা বাড়াতে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বিসিবি চেয়েছিল অনুষ্ঠানটিতে আইসিসির লোগো ব্যবহার করতে। কিন্তু আইসিসি অনুমতি দেয়নি। অথচ টি-২০ টুর্নামেন্টটি আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট। প্রথম তিনমাসে বিসিবি শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের আয়োজন করছে। এর ভেতর শেষটিই এই বিশ্বকাপ।
এ জন্য বিসিবির খরচ হবে প্রায় ৫১ কোটি টাকা। আয় হবে ৪৪ কোটি টাকা। ঘাটতি রয়ে যাবে ৭ কোটি টাকা। এমন অবস্থা যখন বিসিবির, তখন ১৮ কোটি টাকার ব্যয়বহুল কনসার্ট আয়োজনের কারণ খুঁজে পাচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। অহেতুক কেন এই অপচয়। মূলত: বিসিবির কতিপয় কর্তব্যক্তিদের কারণে বিসিবির লোকসানের পরিমাণ আরো বেড়ে গেল। একসময়কার লাভজনক এই প্রতিষ্ঠানটি এভাবেই কি লোকসানী প্রতিষ্ঠান হয়ে দেওলিয়া হয়ে যাবে।

অনুষ্ঠানে যা থাকছে-
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বিসিবি সেলিব্রেশন কনসার্ট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেলিব্রেশন কনসার্টে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল সাড়ে চারটায় থেকে কনসার্ট শুরু হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে প্রবেশের পর মূল অনুষ্ঠান শুরু হবে। কনসার্টে গান পরিবেশন করবে এলআরবি, মাইলস, সোলস আর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। এছাড়াও রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ ও মমতাজদের মতো দেশসেরা শিল্পীরাও গান গাইবেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষন এ আর রহমানের কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এছাড়া এ কনসার্টে থাকবেন আকন, জাভেদ আলী, সুনীধি চৌহান, উদিত নারায়ণ, শ্বেতা পন্ডিত, আনন্দন শিবামনি, হারদীপ কৌর প্রমুখ।
এ আর রহমানের কনসার্ট শুরুর আগে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস তুলে ধরা হবে। সবশেষে থাকবে চোখ-ধাঁধানো জমকালো আতশবাজি। অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে ৮ মার্চ থেকে। টিকিটের মূল্য ২ হাজার, ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার ও ৭৫ হাজার টাকা। কনসার্টের অধিকাংশ টাকাই খরচ হবে ভারতীয় সঙ্গীত তারকা এ আর রহমানের জন্য। এই ভারতীয় ছাড়াও কনসার্টে থাকবেন সিংহলিজ-আমেরিকান হিপ হপ তারকা আকন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান  গ্রে অ্যাডভার্টাইজিং ও ব্লুজ কমিউনিকেশন। বিসিবিকে সহায়তা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকার সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান।

আরও পড়ুন

সর্বশেষ