ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর বাজারের সামনে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত ও আহত হয়েছেন আরো ৩ জন। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা সদর দক্ষিণের হরিশ্চর বাজার থেকে নোয়াখালী সড়কটি বন্ধ করে দিয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, হরিশ্চর কলেজের শিক্ষক ফখরুল ইসলাম। আহতদের মধ্যে হাসান, কাউছার নামে দু’জনের নাম জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, হরিশ্চর বাজারে নোয়াখালীগামী কাভার্ডভ্যান কুমিল্লাগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই একজন নারী যাত্রী মারা যায়। এ ঘটনায় আহত সিএনজি চালকসহ ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিক্ষক ফখরুল ইসলাম মারা যায়।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, ঘটনাস্থলে একজন নারী মারা গেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে শিক্ষক ফখরুল ইসলাম মারা গেছে।
হরিশ্চর বাজার দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করছি। কিছুক্ষণের মধ্যে যান চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




