বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচুয়েট শিক্ষার্থীদের মধ্যরাতে বিক্ষোভ মিছিল, শিক্ষক সমিতির জরুরি সভা আজ

চুয়েট শিক্ষার্থীদের মধ্যরাতে বিক্ষোভ মিছিল, শিক্ষক সমিতির জরুরি সভা আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি মতবিনিময় সভা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সভাটি শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত চলে। সভা শেষে মধ্যরাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মতবিনিময় সভায় আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভা থেকে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থাপত্য বিভাগের ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সেখানে আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে আরেকটি জরুরি মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

এদিকে, চলমান অচলাবস্থা নিরসন ও পরবর্তী করণীয় নির্ধারণে আজ সকাল ১১টায় জরুরি সাধারণ সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠেয় এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্য বিষয় সমিতির সদস্যদের জানানো হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা হয়েছে। ওই সভায় আলোচিত বিষয় সদস্যদের জানাতে এবং চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে এ সভা ডাকা হয়েছে। সমিতির সব সদস্যকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ, নতুন কর্মসূচি ঘোষণা এবং শিক্ষক সমিতির জরুরি সভাকে ঘিরে অচলাবস্থা নিরসনে নতুন কোনো সিদ্ধান্ত আসে কি না, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ