চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রেলওয়ের কর্মকর্তাদের ধারণা, কেউ কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়েছে। রোববার রাত আটটার দিকে স্টেশনে ট্রেনটিতে আগুন দেখা যায়। রাত সাড়ে আটটায় ট্রেনটির বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছাড়ার কথা ছিল।
চবির প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন জানান, ট্রেনটি দাঁড়ানো অবস্থায় সামান্য আগুন দেওয়া হয়েছিল। রেলওয়ে কর্তৃপক্ষ তা নিভিয়ে ফেলে। এতে কারও ক্ষতি হয়নি। তাঁর ভাষ্য, কেউ নাশকতার উদ্দেশ্যে এ কাজ করে পালিয়ে গেছে। তবে রেলওয়ে এখনো কারও পরিচয় শনাক্ত করতে পারেনি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, রেলের কর্মীরা তাৎক্ষণিক আগুন নিভিয়েছেন। রেলওয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে। সিসিটিভির ভিডিও দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
চবির অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী নিজেকে প্রত্যক্ষদর্শী পরিচয় দিয়ে জানান, সামনের দিক থেকে তিন নম্বর বগিতে আগুন জ্বলতে দেখা গেছে। পরে সেখানে কেরোসিনের বোতল এবং কয়েকটি আসনে কেরোসিন ছিটানো অবস্থায় দেখা যায়। তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ সদস্যরা আসেন এবং শিক্ষার্থীরা অন্য একটি শাটলে ক্যাম্পাসে যান।




