সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদপ্রধানমন্ত্রীআজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এক বার্তায় এনসিপি জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করাই জাতীয় ঐক্যের মূল ভিত্তি হতে হবে।

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর লক্ষ্যকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক ঐক্যে যাবে না তার দল। ফলে আজকের বৈঠকে জাতীয় ঐক্য, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ