চট্টগ্রামের কর্ণফুলীতে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসিকে রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটিকে এ অনুমতি দেওয়া হয়। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হবে প্রতিষ্ঠানটিকে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখার উপসচিব আসিফ আহমেদের সই করা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের ভিত্তিতে ২০২৩ সালের বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা অনুযায়ী এ অনুমতি দেওয়া হয়েছে।
চিঠিতে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত পালন, প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত আইন-বিধিমালা অনুসরণ এবং পরিবেশ-সংক্রান্ত সব বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির রিফাইনারিতে উৎপাদিত সব পণ্য বিপিসির কাছে সরবরাহ করতে হবে।
সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, সুপার পেট্রোকেমিক্যাল ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণনের অনুমতি চেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আবেদন করে। প্রতিষ্ঠানটি বিদ্যমান ক্যাটালিস্ট রিফরমিং ইউনিটের (সিআরইউ) পাশাপাশি নতুন একটি ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের পরিকল্পনার কথা জানায়।
আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৩ অক্টোবর বিপিসি একটি কমিটি গঠন করে। কমিটি ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে জুলদা ইউনিয়নে প্রতিষ্ঠানটির বিদ্যমান প্ল্যান্ট ও প্রস্তাবিত প্রকল্পের স্থান পরিদর্শন করে। ওই বছরের ৮ এপ্রিল কমিটি বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে নীতিমালা অনুযায়ী প্রাথমিক অনুমতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল।
তবে ২০২৫ সালের ১৬ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রতিষ্ঠানটির আবেদন নাকচ করে দেয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছিল, সুপার পেট্রোকেমিক্যালকে নতুন রিফাইনারি স্থাপন এবং অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণনের বিষয়ে কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। ফলে ওই আবেদন বিবেচনার সুযোগ নেই। তবে আবেদন নাকচ হলে প্রতিষ্ঠানটির রিফাইনারি নির্মাণকাজ চলতে থাকে। বিষয়টি খতিয়ে দেখতে গত ১০ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা অফিস আদেশে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গত ১২ নভেম্বর কমিটির সদস্যরা প্রতিষ্ঠানটির প্ল্যান্ট পরিদর্শন করেন। তবে সবশেষ প্রতিষ্ঠানটিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।
এদিকে, রিফাইনারি নির্মাণের পাশাপাশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতিও চেয়েছে প্রতিষ্ঠানটি। গত ২৭ অক্টোবর বিপিসির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে ২০২৭ সালের জন্য চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চাওয়া হয়। এর আগে গত ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো চিঠিতে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট অথবা সংযুক্ত আরব আমিরাতের মুরবান ক্রুড আমদানির আগ্রহের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তখন বছরে ২০ লাখ টন অপরিশোধিত তেল আমদানির পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
বিপিসির কাছে দেওয়া প্রস্তাব অনুযায়ী, নতুন রিফাইনারি থেকে বছরে প্রায় ১২ লাখ ৩ হাজার টন জ্বালানি পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, ১ লাখ ১৯ হাজার টন পেট্রোল, ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং ৩ লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল রয়েছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, দৈনিক ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালুর কথা রয়েছে।




