ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা, রাষ্ট্রপতির ভাষণকে বর্তমান সরকার সূচিত ভবিষ্যৎ উন্নয়নের পথ নকশা উল্লেখ করে বলেছেন, রাষ্ট্রপতি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের ভিশন ২০২১-এর বাকি কর্মসূচি বাস্তবায়নেরও রূপরেখা দিয়েছেন।
গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
গত ৪ ফেব্র“য়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য নূর-ই আলম চৌধুরী তা সমর্থন করেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সোমবার ৫ম দিনে সরকারি দলের ডা. হাবিবে মিল্লাত, মো. এনামুল হক, মোঃ আবুল কালাম, নবী নেওয়াজ, ছবি বিশ্বাস ও স্বতন্ত্র সদস্য ঊষাতন তালুকদার আলোচনায় অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, বর্তমান সরকারের বিগত ৫ বছরে দেশে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আইন-শৃংখলাসহ সব খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে কৃষি উৎপাদন, কৃষি- কৌশল উদ্ভাবন, উন্নত জাতের ফসলের বীজ উদ্ভাবন, বন্যা, খরাসহ জলবায়ুর পরিবর্তন জনিত চাপ সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন, সার, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমানো ও সহজলভ্য করার ফলেই কৃষিতে এ সাফল্য অর্জিত হয়েছে।
তারা বলেন, বিগত ৫ বছরে দেশে দারিদ্র্যের হার অনেক হ্রাস পেয়েছে। জাতীয় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বিদেশ থেকে আসা রেমিট্যান্স সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রেও রেকর্ড ভঙ্গ করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।




