শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......৩১ মার্চ সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে অনশন

৩১ মার্চ সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে অনশন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের দাবিতে আগামী ৩১ মার্চ অনশনসহ ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার সাগর-রুনি স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে(ডিআরইউ) আয়োজিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় স্মরণসভায় নিহত সাগরের মা সালেহা মনিরও বক্তব্য রাখেন। এই অনশন কর্মসূচি ডিআরইউ প্রাঙ্গণে ঢাকায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত পালন করা হবে। এর মধ্যে হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা না হলে আমরণ অনশনসহ কাফনের কাপড় পড়ে রাজপথ অবরোধ করার ঘোষণা দেয়া হয়।

সভায় সাগরে মা সালেহা মনির বলেন, আমি খুনিদের গ্রেফতার দেখতে চাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক দম্পতির একমাত্র শিশুসন্তান মিহির সরওয়ার মেঘ, সাংবাদিক মেহেরুন রুনীর ভাই নওশের আলম রোমান এবং ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে উভয় অংশের নেতারা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ