বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, ছুরিকাঘাত

পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, ছুরিকাঘাত

চট্টগ্রামের পটিয়ায় আবেদীন নাঈম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বটতল এলাকার ফোর এইচ ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আবেদীন নাঈম কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুস ছাত্তার সওদাগরের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা। তিনি জানান, সোমবার রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া এলাকা থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। চরকানাই উচ্চ বিদ্যালয়ের কিছু আগে বটতল ফোর এইচ ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশা থেকে ৩-৪ জন মুখোশধারী ব্যক্তি নেমে তার অটোরিকশার গতিরোধ করেন।

পরে তাকে সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা প্রথমে তার হাতে আঘাত করে। একপর্যায়ে তিনি ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে মুখোশধারীদের একজন তার হাতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

আহত নাঈম জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি পুলিশকে বিষয়টি জানান। হামলাকারীদের মুখে মাস্ক থাকায় কাউকেই চিনতে পারেননি বলে জানান তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মৌখিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ