চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৪২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব সোনার বারের ওজন ৪০ কেজি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার রাতে আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। তবে এসব সোনা আনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসা দুবাইয়ের ফ্লাইটে এই সোনার বারগুলো পাওয়া যায়। উড়োজাহাজের কয়েকটি সিটের নিচের কুশনের ভেতরে এই সোনার বারগুলো ছিল। তিনি আরো জানান, উদ্ধার করা ৪২০টি সোনার বারের ওজন ৪০ কেজিরে মতো।
উল্লেখ্য, চট্টগ্রামের এই বিমানবন্দরে বুধবার তিন ঘণ্টার ব্যবধানে পাঁচ বিমানযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছিল। এর আগে মঙ্গলবারও দুই দফায় ছয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ১৪টি সোনার বার।




