সৌদি আরবের একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসা ৩৬৫ দিন কার্যকর থাকলেও প্রতিবার দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে মধ্যপ্রাচের এই দেশটি। রোববার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয় এ তথ্য।
নতুন নির্দেশনা অনুযায়ী, ৩৬৫ দিন মেয়াদি এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদিতে পৌঁছানোর আগেই ‘নুসুক’ অ্যাপ থেকে সংগৃহীত ওমরাহ পারমিট সাথে রাখতে হবে।
গত জুলাই মাসে চালু হওয়া এই বিশেষ ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকে। এই সময়ে একাধিকবার সৌদি আরবে যাওয়ার সুবিধা থাকলেও সব মিলিয়ে দেশটিতে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের যাতায়াত ও সময়সূচি বিন্যাসে স্বাচ্ছন্দ্য আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর মানেই যখন-তখন সরাসরি চলে যাওয়ার সুযোগ নেই; প্রতিবার ভ্রমণের আগেই সুনির্দিষ্ট নিয়ম ও শর্তাবলী মানতে হবে।
এতে বলা হয়— একাধিকবার প্রবেশের এই ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।
মূলত, প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে মিলতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য সব যোগ্যতা ও নিয়মও পূরণ করতে হবে।
তবে প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে প্রক্রিয়া শুরু হবে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।
সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার তথ্যও হালনাগাদ করা হবে, যাতে ভিসাধারী ৯০ দিনের সম্মিলিত অনুমোদিত অবস্থান থেকে কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা যায়।
অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা হাতে থাকলেই পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিবার ওমরাহ পালনের পরিকল্পনা করলে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবারও।
সূত্র: গালফ নিউজ, সৌদি গেজেট




