মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসম্পদের তথ্য গোপনের মামলায় মাদক ব্যবসায়ীকে ৬ বছর কারাদণ্ড

সম্পদের তথ্য গোপনের মামলায় মাদক ব্যবসায়ীকে ৬ বছর কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ২ কোটি ৯১ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় টেকনাফের মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ৬ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। আবু তাহের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার জালাল আহম্মেদের ছেলে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বাংলানিউজকে বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী আবু তাহেরকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, আবু তাহের কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে ব্যবসার আড়ালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার সম্পদ বিবরণী যাচাই করে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়। এ ছাড়া তার সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২৩ লাখ ৯০ হাজার টাকা।

অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর সম্পদ ও ব্যয়ের পরিমাণের সঙ্গে বৈধ আয়ের অসংগতি পাওয়া যায় ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকা। এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে আবু তাহেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগ দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আরও পড়ুন

সর্বশেষ