মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কোনো পক্ষের হয়ে অবস্থান না নিয়ে বিষয়টি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর আগে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এরপর গত সপ্তাহে রয়টার্সের আরেক প্রতিবেদনে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার তথ্য প্রকাশিত হয়।ঘড়ি কিনুন

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচারপ্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকার শুরু থেকেই ভারতের কাছে তাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে পাসপোর্ট ও এনআইডির নতুন আবেদনের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জানতে চাওয়া হলে দেশটি আইনি প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরেছে।

এ অবস্থায় শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। ই-মেইলে পাঠানো জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের ওপর নির্ভরশীল। পাশাপাশি বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিন্ন স্বার্থের বিষয়গুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ