ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির রায় দেয়ার প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সরকার জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। ২০০৪ সালের ১ এপ্রিল দায়ের করা দশ ট্রাক অস্ত্র মামলার এফআইআরে নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ জুন দাখিল করা চার্জশিটেও ছিল না তার নাম। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মতিউর রহমান নিজামীকে অন্তর্ভূক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে।
তিনি অভিযোগ করেন, সরকারের উদ্দেশ্যই হলো- যেকোনো উপায়ে মাওলানা নিজামীকে হত্যা করা। সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষাণা করছি। এ কর্মসূচি সফল করে তোলার জন্য ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজ, সর্বস্তরের পেশাজীবী সম্প্রদায়সহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।




