ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী বলেছেন, মন্ত্রী-এমপিদের সম্পদ অনুসন্ধানে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার রাজধানীর সেগুন বাগিচার দুদক কার্যালয়ে কমিশনের মাসিক সংবাদ সম্মেলনে ফয়জুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, তবে কোন মন্ত্রী-এমপির সম্পদের অনুসন্ধান করা হবে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
অনুসন্ধান কখন থেকে শুরু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের হলফনামায় মন্ত্রী-এমপিদের দেওয়া সম্পদের সঙ্গে পত্রিকায় প্রকাশিত তথ্য মেলানোর পর যাচাই-বাছাই শেষে আমাদের নিজস্ব প্রক্রিয়ায় অনুসন্ধান করা হবে।
তাদের সম্পদের অনুসন্ধান প্রক্রিয়া কিভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ ব্যক্তিদের মতই মন্ত্রী-এমপিদের সম্পদ অনুসন্ধান করা হবে। তাদের সম্পদের সঙ্গে তাদের স্ত্রী-পুত্র ও কন্যাদের আয়ের উৎস এবং সম্পদেরও অনুসন্ধান করা হবে।’
পাস হওয়া দুদক আইনের বিষয়ে দুদক সচিব বলেন, সংশোধিত দুদক বিলের প্রক্রিয়া নিয়ে কাজ করছি। কিন্তু আদালতে এখন পর্যন্ত সংশোধিত আইন যায়নি।




