ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,৫ জানুয়ারির নির্বাচন ছিল প্রহসনমূলক নির্বাচন। এই সরকার জনগণের সরকার হতে পারে না। সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশে কথা বলেন।
তিনি বলেন, জনগণ এ নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, তাই জনগণকে ধন্যবাদ জানানোর জন্যই এখানে এসেছি। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হলো গায়ের জোরে ভোট করা যায় না। জনগণের সমর্থন লাগে। অস্ত্রের জোরে ক্ষমতায় থাকা যায় না। একটি পত্রিকার কপি দেখিয়ে খালেদা জিয়া বলেন, ভোটকেন্দ্রে জনগণ নয়, কুকুর বসে আছে।
এ সময় তিনি পত্রিকায় প্রকাশিত ভোটকেন্দ্রে অপেক্ষমাণ অপ্রাপ্তবয়স্কদের ছবি দেখিয়ে বলেন, ‘৮-১০ বছরের শিশুদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে। যেহেতু ভোটার যায়নি, তাই তারা ভোট দিয়েছে।’
তিনি অভিযোগ করেন, আওয়ামীলীগ পুলিশ বাহিনীকে সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীকে হত্যা করছে। নির্বাচনের সময় বিএনপির ২২ জন নেতাকর্মীকে হত্যা করেছে।
খালেদা জিয়া বলেন, এই সরকার খুন আর গুমের সরকার। তারা মানুষ গুম আর খুন করে টিকে আছে। এ সময় তিনি গতকালের গাইবান্ধার যৌথবাহিনী ও পুলিশের সংঘর্ষের কথা উল্লেখ করেন।




