ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে দল থেকে আগাম পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, “মনোনয়ন ফরম কেনার আগেই দলীয় পদ থেকে সম্মানের সঙ্গে পদত্যাগ করব।”
রুমিন ফারহানা তার মনোনয়ন না পাওয়ার পেছনে জোটের সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, “বিএনপির মতো বড় দলের ভালোমন্দ বিবেচনা করতে হয়। যেহেতু তারা জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জোট করেছে, তাই এ সিদ্ধান্ত দলকে নিতেই হয়েছে।” তিনি বলেন, বিএনপিকে জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে নিজের নির্বাচনী সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে রুমিন ফারহানা বলেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন। স্থানীয় মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা ভোটের মাধ্যমেই এর জবাব দেবে।”
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বা স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, দল প্রয়োজন মনে করলে সিদ্ধান্ত নেবে। তবে আগাম পদত্যাগের মাধ্যমে তিনি দলকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না।
রুমিন ফারহানা জানান, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের মধ্যেই তার পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। প্রতীক কী হবে—সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, কোন প্রতীক দেওয়া হবে বা পাবেন, সেটা পরে দেখবেন । মূল লক্ষ্য হলো এলাকার মানুষের প্রতিনিধি হওয়া।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।
এর পরপরই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।




