ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দু’একদিনের মধ্যেই শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। শুক্রবার দুপুরে নিজের গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দশম জাতীয় সংসদের সদস্য (এমপি) পদে এরশাদ দু’একদিনের মধ্যেই শপথ নিচ্ছেন জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, আজকালের মধ্যেই তিনি শপথ নেবেন। এছাড়া, দু’চারদিনের মধ্যে এরশাদ সংবাদ মাধ্যমের সামনে আসছেন বলেও জানান জাপা মহাসচিব। তিনি বলেন, জাপা সম্পর্কে যেসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেগুলো এরশাদই সংবাদ মাধ্যমের সামনে এসে পরিষ্কার করবেন।
একইসঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশিত এমপি হিসেবে শপথ নিতে এরশাদের চার শর্ত প্রসঙ্গে রুহুল আমিন হাওলাদার বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে এটা যদি সঠিক না হতো, তাহলে কোনো না কোনো পক্ষ থেকে প্রতিবাদ আসতো।




