ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি কখন জামায়াতের সঙ্গে জোট ভেঙে দেবে? নিউইয়র্ক টাইমসের এমন এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জামায়াতের সঙ্গে আমাদের কোনো স্থায়ী জোট নেই। এই মুহূর্তে আমি বলতে পারছি না। কিন্তু যখন সময় আসবে তখন দেখা যাবে। সময় আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
নিউ ইয়র্ক টাইমস এর বিশেষ প্রতিনিধি ও এশিয়া অঞ্চলের পলিটিক্যাল এডিটর অ্যালেন বেরি সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সাক্ষাত্কার গ্রহণ করেন। এর আগে গত শুক্রবার তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইলেও পুলিশ তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেয়।
সাক্ষাত্কারে খালেদা জিয়া বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু তাদেরকে প্রথমে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সব সিনিয়র নেতারা কারাগারে রয়েছেন। এ ছাড়াও দলের বেশ কিছু সিনিয়র নেতা আত্মগোপনে রয়েছেন। তাই সরকারকেই পরিবেশ স্বাভাবিক করতে হবে।
উল্লেখ্য, যুদ্ধাপরাধী দল ও দলীয় গঠনতন্ত্র সংবিধান বিরোধী হওয়ায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। বিষয়টির এখনো আইনি সুরাহা হয়নি। কিন্তু অনেকে বলছেন, এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সুতরাং ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইলেই জামায়াতকে আইন করে নিষিদ্ধ করতে পারে। কিন্তু এ প্রসঙ্গটি সব সময়ই এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।




