ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সংসদ ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। যশোর-১ ও ২ আসন বাদ দিয়ে ২৯০ টি সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গেজেটে ২৯০ জনের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচনে জয়ী হলেও যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলামের নাম বাদ রাখা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাই গেজেটে তাঁদের নাম রাখা হয়নি। এ ছাড়াও বাকি আট আসনের কিছু কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে, তাই তাঁদের নামে গেজেট প্রকাশ হয়নি।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৭টিতে ৫ জানুয়ারি (রোববার) ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।




