ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গুলশানে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে ৮ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। সেখানে কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যাচ্ছে না। এছাড়া খালেদা জিয়ার বাসার গেটে সতর্ক অবস্থান নিয়েছে মহিলা পুলিশ। তাদের নেতৃত্বে রয়েছেন গুলশান জোনের এডিসি আয়েশা খানম।
এদিকে খালেদার বাসার সামনের রাস্তায় ব্যারিকেড সৃষ্টির জন্য সেখানে ৫টি বালু বোঝাই ট্রাক ফেলে রাখা হয়েছে। ট্রাক চালকদের সঙ্গে কথা বললে তার বলেন, ‘আমাদের ভাড়া করে আনা হয়েছে এখানে অবস্থান করার জন্য।’ শনিবার রাত ৮টা থেকে খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বাড়ির দু’পাশে ব্যারিকেড দেয়া হয়েছে। এছাড়া খালেদা জিয়ার প্রটোকলও সরিয়ে দেয়া হয়েছে বাড়ির সামনে থেকে। গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন তার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেন।




