ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
যশোরের মনিরামপুরে হাফিজুর রহমান নামে এক যুবদল কর্মীকে ভাত খাওয়া অবস্থায় খুন করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকালে উপজেলার মাছনা খানপুর গ্রামে নৃশংস ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা এ হত্যাকান্ডের জন্য ছাত্র ও যুবলীগ নেতাকর্মীদের দায়ী করে বিক্ষোভ প্রদর্শন করেছে। নিহত হাফিজুর ওই গ্রামের মৃত শহর আলীর ছেলে।
জানা গেছে, বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে হাফিজুর রহমান ভাত খাচ্ছিলেন। এ সময় এলাকার কয়েকজন চি?হ্নিত সন্ত্রাসী ওই বাড়িতে চড়াও হয়ে ২-৩টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে হাফিজুর আহত হয়ে বাড়ির উঠানে লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। তারা হাফিজুরের বাম হাত ও বাম পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর আরও ২-৩টি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির করে তারা পালিয়ে যায়। এই হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মনিরামপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম রেজা জানান, কে বা কারা কেন এ ধরনের একটি নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে।




