ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় সংঘর্ষে কৃষকলীগ নেতাসহ ২ জন নিহত হয়েছেন। এতে এএসপিসহ অন্তত ৪০ জন আহত হন। নিহতরা হলেন- নীলফামারীর টুপামারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী(৫০) ও লক্ষ্মীচাপ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সিদ্দিক(৪২)। তবে, সিদ্দিককে নিজেদের কর্মী দাবি করেছে জামায়াত। শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে ২ জন সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর লক্ষ্মীচাপ কাঁচারী বাজার থেকে নীলফামারী শহরে ফেরার পথে রামগঞ্জ ব্রিজের কাছে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় বিএনপি-জামায়াতের সঙ্গে আ.লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও কাদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে নীলফামারীর সহকারী পুলিশ সুপার শফিউল ইসলামসহ অন্তত ৪০ জন আহত হন।
জেলা কৃষকলীগ সভাপতি অক্ষয় কুমার রায় জানান, বিএনপি-জামায়াত-শিবিরের হামলায় কৃষকলীগ নেতা খোরশেদ আলম নিহত হয়েছেন। লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী জানান, সংঘর্ষে পুলিশ ও আ.লীগ নেতা কর্মীদের হামলায় বিএনপি নেতা সিদ্দিক নিহত হয়েছেন। এদিকে, এমপি নূরকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের ফুড অফিস সড়কস্থ বাসায় পুলিশ প্রহরায় পৌঁছে দেওয়া হয়েছে। এ সংঘর্ষের পর নীলফামারীতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা
নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে তিনি অক্ষত রয়েছেন। তবে, তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীচাপ কাঁচারী বাজার থেকে নীলফামারী শহরে ফেরার পথে রামগঞ্জ বাজারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এমপি’র গাড়ি বহরে অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, হামলার পর সংসদ সদস্য নূর সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের বাসায় গিয়েছেন।
উল্লেখ্য, জামায়াত শিবিরের তাণ্ডবের শিকার নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি, টুপামারী এবং লক্ষ্মীচাপ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি পলাশবাড়ি বাজার এবং হরতকিতলা, রামগঞ্জ বাজার এবং লক্ষ্মীচাপ কাচাঁরী বাজার পরিদর্শন শেষে লক্ষ্মীচাপ কাঁচারী উচ্চ বিদ্যালয় মাঠে আ.লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন। আর এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা সদরের নিজ বাসায় ফেরার পথে তার ওপর এ হামলা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।




