ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পাজেরো জিপে জাতীয় পতাকা লাগিয়ে চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজারের দিকে যাবার পথে ১৯ লাখ টাকাসহ চোরাচালানি সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে একটার দিকে পটিয়া থানার ক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ লাখ ২৯ হাজার ৬১৬টাকা উদ্ধার করা হয়। আটক দু’জন হল, সৈয়দ আলম (২৫) ও রবিউল আলম (২১)। দু’জনই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
স্থানীয় সুত্র জানায়, শনিবার দুপুরে জাতীয় পতাকা লাগিয়ে চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল পাজেরো জিপটি। পটিয়া থানার ক্রসিং এলাকায় পাজেরোটি পৌঁছালে পুলিশ গতিরোধ করে।
এসময় পুলিশ গাড়ির চালককে চ্যালেঞ্জ করে। গাড়িটি খুলে পুলিশ দেখতে পান, ভেতরে দু’জন বসে আছে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৯ লাখ ২৯ হাজার ৬১৬টাকা উদ্ধার করে পুলিশ। এসময় চোরাচালানি সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন,পুলিশের কাছে কোন মন্ত্রী যাওয়ার খবর ছিল না। তাই জাতীয় পতাকা সম্বলিত পাজেরো জীপ দেখে চ্যালেঞ্জ করে পুলিশ। এসময় গাড়ির ভেতর থেকে টাকাসহ চোরাচালানি সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো চোরচালানির টাকা। নিরাপদে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তারা এ কৌশল অবলম্বন করেছে।’




