চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা এলাকায় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাসেল (৩৩) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার গভীর রাত দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত রাসেল মঙ্গলবার সকালে মারা যান। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে। তিনি হাসনাবাদ ওয়ার্ড যুবদলের সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছেন। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সোমবার গভীর রাতে মান্দারিটোলায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে। দু’পক্ষে গোলাগুলিও হয়েছে। ‘এতে আহত হয়ে রাসেল নামে একজন মারা গেছে বলে আমরা শুনেছি। এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা এখনও আমাদের কিছু জানায়নি।’




