ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
১৮ দলের ডাকা টানা চতুর্থ দিনের অবরোধ চলছে সারাদেশে। অবরোধে চট্টগ্রামের সল্টগোলায় পিকেটারদের ধাওয়া খেয়ে কাভার্ডভ্যান উল্টে নিহত হয়েছে ১ জন। এ ঘটনায় নিহত হয়েছে আরও অন্তত ৩ জন। এছাড়া সাতক্ষীরায় বিজিবির গুলিতে দুই শিবিরকর্মী নিহত হয়েছে। দেবহাটা উপজেলায় সকাল ৮টায় এ ঘটনা ঘটেছে।
যাত্রাবাড়ী: ১৮ দলীয় জোটের অবরোধের চতুর্থ দিনে যাত্রাবাড়ীতে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও তিনটি গাড়িতে আগুন দেয়া হয়। ককটেলের স্প্রিন্টারের আঘাতে ৭ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন পথচারী আহত হন। এ ঘটনায় ৩ পিকেটারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শিবির কর্মীরা এখানে অবরোধ করে মিছিল করে। এ সময় ১৫-১৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এছাড়া ২টি লেগুনা ও একটি টেম্পোতে আগুন দেয়। পরে পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীরা কয়েকটি ককটেল ছুড়ে ছত্রভঙ্গ হয়ে যায়।
পান্থপথ: ১৮ দলীয় জোটের ডাকা দ্বিতীয় দফা অবরোধের চতুর্থ দিনে রাজধানীর পান্থপথের কাঁঠাল বাগানের ঢালে শিবিরের ঝটিকা মিছিল থেকে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সোয়া ৯টার দিকের এ ঘটনায় মতিয়ার রহমান (২৩) নামে শিবিরের এক কর্মীকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। সে ঢাকা কলেজের ছাত্র বলে জানা গেছে। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ছয়টায় ৭২ ঘণ্টার অবরোধ শেষ হওয়ার কথা থাকলেও সোমবার ১৮ দলীয় জোট আরও ৫৯ ঘণ্টা বাড়িয়েছে। এনিয়ে অবরোধ টানা ১৩১ ঘণ্টা করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়।সকাল থেকে অবরোধে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা দেন।
একতরফা তফসিল ঘোষণা, বিরোধী দলের ওপর জুলুম নির্যাতন, শীর্ষ নেতাদের গ্রেফতার ও তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সড়ক-নৌ ও রেলপথ অবরোধের ডাক দেয়া হয়।




