সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ‘পেট্রল বোমা’, নিহত ১

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ‘পেট্রল বোমা’, নিহত ১

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সল্টগোলা এলাকায় চলন্ত কাভার্ড ভ্যানে ছোট ‘পেট্রল বোমা’ আকৃতির বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় কাভার্ড ভ্যানেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মাহবুব (৩০) নিহত হয়েছেন। এছাড়া পেট্রল বোমার আগুনে সুমন কুমার দাশ (৩৮) এবং মিজান (২০) নামে দু’জন দগ্ধ হয়েছেন। একই ঘটনায় তৈরি পোশাকবোঝাই কাভার্ড ভ্যানটিও পুড়ে গেছে। সোমবার গভীর রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। নগরীর ইপিজেড থানার ওসি আবুল মনছুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ওসি জানান, নগরীর সল্টগোলা সিম্যান্স হোস্টেলের সামনে দিয়ে কাভার্ড ভ্যানটি পতেঙ্গা থেকে বন্দরের দিকে যাচ্ছিল। রাস্তায় অবরোধকারীরা কাভার্ড ভ্যানটির সামনে কয়েকটি পেট্রলসহ বিভিন্ন বিস্ফোরক ভর্তি বোতল (পুলিশের ভাষায় পেট্রল বোমা) ছুঁড়ে মারে। এসময় চালক কাভার্ড ভ্যানটি দ্রুত স্থান ত্যাগ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ‍আর কাভার্ড ভ্যানেও আগুন ধরে যায়।

কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং প্রায় উল্টে যায়। এতে আঘাত পেয়ে চালক মাহবুব ঘটনাস্থলেই মারা যান। আগুনে আরও দু’জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মাহবুবের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি বলে ওসি জানান। এছাড়া আগুনে ওই কাভার্ড ভ্যানে থাকা তৈরি পোশাকের এক তৃতীয়াংশ পুড়ে গেছে বলেও ওসি জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, অগ্নিদগ্ধ দু’জনকে হাসপাতালের বার্ন ইউনিটে (৩৬ নম্বর ওয়ার্ড) ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ