ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনা করেছেন ৬ বিশিষ্ট নাগরিক। দেড় ঘন্টার বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান সাংবাদিকদের বলেন, আমরা আমাদের উদ্বেগ-উৎকণ্ঠা প্রেসিডেন্টকে জানিয়েছি। প্রধান বিরোধী ছাড়া কোন নির্বাচন হলে তা গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনবে। মঙ্গলবার গণ ফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ সুশীল সমাজের সাত বিশিষ্ট ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বৈঠক শেষে ড: কামাল হোসেন জানান, আমরা দেশের বিদ্যমান সংঘাতময় পরিস্থিতিতে একটি সুষ্ঠু সমাধান বের করার লক্ষ্যে রাষ্ট্রপতিকে সমঝোতার উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছি। রাষ্ট্রপতি এব্যাপারে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন। এতে অন্যদের মধ্যে ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, অর্থনীতিবিদ ও অবসরপ্রাপ্ত সচিব ড. আকবর আলি খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, আইনজীবী শাহদীন মালিক ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
সংকট নিরসনে প্রধানমন্ত্রী কিংবা বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ না করে রাষ্ট্রপতির কাছে যাবার ব্যাপারে ড: কামাল বলেন, তারা দুজন একে অপরের প্রতিপক্ষ। সংকট নিরসনে প্রতিপক্ষের কাজে গিয়ে কোনো লাভ হবে না। তিনি বলেন, আমরা কোনো পক্ষের হয়ে নয়, বরং ব্যক্তিগত উদ্যোগে এসেছি।
ড: আকবর আলী খান বলেন, সংকট নিরসনে আমরা আমাদের উদ্বেগের কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। এ পরিস্থিতিতে সমাধান খুজে পেতে তিনি চেষ্টা করছেন বলে আমাদের জানিয়েছেন। তিনি জানান, আমরা রাষ্ট্রপতিকে বলেছি, বিরোধীদলকে বাদ দিয়ে নির্বাচন হলে গণতন্ত্র বিপর্যয়ের দিকে যাবে।




