চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবায় রেল লাইন উপড়ে ফেলার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ঢাকা ও সিলেট থেকে ছেড়ে আসা কোন ট্রেন চট্টগ্রামে পৌঁছেনি। চট্টগ্রাম থেকেও সকালে কোন ট্রেন ছেড়ে যেতে পারেনি।
এদিকে সকালে ট্রেন ছেড়ে যেতে না পারায় দূর্ভোগে পড়েছে যাত্রীরা। অনেক যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিতে না পেরে টিকেট ফেরত দিচ্ছে। অনেককে ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-সহকারি পরিচালক জোবেদা আক্তার বলেন ‘রাতে দুর্বত্তরা ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা এলাকায় রেল লাইন উপড়ে ফেলার কারণে সোমবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা গোধুলী, সুবর্ণ, তূর্ণা ও সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছাতে পারেনি।
এছাড়া সকালে মহানগর প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক সামসুল আলম বলেন ‘চট্টগ্রাম স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যেতে না পারায় যাত্রীদের কাছ থেকে টিকেট ফেরত নেওয়া হচ্ছে।’




