চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
১৮ দলের ডাকে অবরোধের পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামে মঙ্গলবার বিএনপির ডাকা হরতাল কর্মসূচীও চলছে। হরতাল ও অবরোধের মধ্যে নগরীতে বিচ্ছিন্ন কিছু যানবাহন চললেও মহাসড়ক দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলীয় জোট মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ অবরোধ শুরু করেছে। অন্যদিকে সন্দ্বীপে সাংসদ মোস্তফা কামাল পাশা’র ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপি চট্টগ্রাম জেলায় পূর্ণদিবস হরতাল পালন করছে।
রাজনৈতিক এ কর্মসূচীকে ঘিরে নাশকতা ঠেকাতে নগরী ও জেলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সীতাকুণ্ড, মিরসরাই, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী উপজেলায় সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন, ‘মহাসড়কে আমাদের তিন হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এছাড়া প্রত্যেক থানায় অতিরিক্ত পুলিশ দেয়া হয়েছে।’ নগরীর প্রবেশপথ একে খান মোড় থেকে সিটি গেট, অক্সিজেন মোড় এবং শাহ আমানত সেতু এলাকায়ও পুলিশ সতর্ক অবস্থায় আছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) বাবুল আক্তার বলেন, ‘অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ নাশকতা করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।’ এদিকে আমাদের মিরসরাই করেসপন্ডেন্ট জানিয়েছেন, হরতাল ও অবরোধে মহাসড়কে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ওই এলাকায় ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোন গাড়ি চলাচল করছে না।




