চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী। শনিবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জামায়াতের যৌথ সভা শেষে এ হরতালের ঘোষণা দেয়া হয়েছে। নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় অর্থাৎ মিরসরাই থেকে নগরী হয়ে লোহাগাড়া পর্যন্ত রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। তবে চলমান পিএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।’
তিনি বলেন, সীতাকুন্ড ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম এবং মিরসাইয়ে জামায়াত কর্মী জসীম উদ্দিনকে খুনের প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তারের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
এর আগে শনিবার সকালে দলীয় কার্যালয়ে নগর জামায়াতের আমির ও সাংসদ মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর ও দক্ষিণ জেলার নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে দু’টি হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান জামায়াতের নেতারা। অবিলম্বে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানানো হয় বৈঠকে।




