ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
অর্থমন্ত্রীকে দলছুঁট ও নীতিহীন ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি তিনি বলেন, তিনি একজন রয়স্ক মানুষ। তাই কখন কি বলেন, তা নিজেই জানেন না। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয় ’ অর্থমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে সাংবদিকদের তিনি এ কথা বলেন।
‘দেশে বর্তমানে বিরোধীদল বলে কিছু নেই। আছে শুধু জামায়াতের নামে কিছু সন্ত্রাসী’ অর্থমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, চাকরি রক্ষার জন্য এবং প্রধানমন্ত্রীর মন ভুলানোর জন্য এমন কথা তিনি বলেছেন। তবে তার মত একজন দলছুঁট ও নীতিহীন ব্যক্তি কি বললো সেটা নিয়ে বিএনপি মাথা ঘামায় না।
সরকার গণদাবিকে উপেক্ষা করে একতরফা নির্বাচন করার চক্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, আমরা সেই নীলনকশার নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং হতেও দিবো না। সর্বদলীয় নির্বাচনকালীন মন্ত্রীসভাকে অসাংবিধানিক আখ্যায়িত করে রিজভী বলেন, বর্তমান মন্ত্রিসভা অবৈধ। আর এর মধ্য দিয়ে সরকার তার সকল বৈধতা হারিয়েছে।
তিনি বলেন, এই সরকার দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেন বলে মনে করছেন তারা। তাই তারা জনগণের শক্তিকে তাচ্ছিল্য ও উপেক্ষা করছে এবং জনগণের আন্দোলন দমাতে তারা ব্যবহার করছে লাঠি-ঔষধি। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে দুর্বল করছে বলে মন্তব্য করেন তিনি।
‘ভারতের কাছে ট্রানজিট ফি চাওয়া হবে বেয়াদবি’ সরকারের এক মন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা এহেন তাবেদারি, উমেদারি এবং মোসাহেবির ন্যাক্কারজনক দৃষ্টান্ত এর আগে কখনও দেখিনি।




