সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ভাসানীর চিন্তা ও চেতনা বাংলার সর্বত্র ছড়িয়ে...

রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ভাসানীর চিন্তা ও চেতনা বাংলার সর্বত্র ছড়িয়ে দিতে হবে : মঈন খান

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর শক্তি ও বিশ্বাস সম্পর্কে তরুণ  প্রজন্ম  না জানলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে হলে ভাসানী সম্পর্কে জানতে ও তাকে স্বীকৃতি দিতে হবে, অন্যথায় রাজনীতিতে গুনগত পরিবর্তন হবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আয়োজিত ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মঈন খান বলেন, রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ভাসানীর চিন্তা ও চেতনা বাংলার সর্বত্র ছড়িয়ে দিতে হবে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে পাঠ্য বই থেকে ভাসানীর গৌরব উজ্জ্বল ইতিহাসকে বাতিল করেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ দেশে যে সংঙ্কট চলছে তা রাজনৈতিক সঙ্কট নয়, এটা দেশের সঙ্কট। আর সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই সঙ্কট তৈরী করেছে। যাতে দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করে তারা ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে পারেন।

সরকার পতনে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন অনেকাংশে সফল হয়েছে। কারণ বিএনপির এই আন্দোলনে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়েছেন। কিন্তু জনগণকে এখনও আমরা আন্দোলনে সম্পূর্ণ সম্পৃক্ত করতে পারিনি।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আর্দশ ও চেতনাকে ধারণ করে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বর্তমান স্বৈরাচারি সরকারের পতন নিশ্চিত করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুব দলের সিনিয়র সহ-সভাপতি  আব্দুস সালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ