সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকারের মদদপুষ্ট আদালত রবিবার কি ধরনের রায় দিবে তা সকলের জানা আছে...

সরকারের মদদপুষ্ট আদালত রবিবার কি ধরনের রায় দিবে তা সকলের জানা আছে : হান্নান শাহ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থপাচার মামলার রায় দেখার অপেক্ষায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, সরকারের মদদপুষ্ট আদালত রবিবার কি ধরনের রায় দিবে তা সকলের জানা আছে। তারপরেও আমরা এ রায় দেখার অপেক্ষায় আছি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত ‘জাতীয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রেক্ষিত-বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।

হান্নান শাহ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ২২ হাজার কোটি টাকা অর্থপাচারে অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ায় গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও সেই টাকার কোন সন্ধান পাইনি। রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ হবে না- প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে হান্নান শাহ বলেন, প্রধানমন্ত্রী সংবিধান সম্পর্কে কিছু জানে না, যদি জানতেন তাহলে এই কথা তিনি বলতেন না। শেখ হাসিনাকে ভালো করে সংবিধান পড়তে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যতিত বর্তমান সরকারের সকল মন্ত্রী অবৈধ। আর এই অবৈধ মন্ত্রীদের কথায় যে কাজ হবে, সেই কাজও অবৈধ।

প্রধানমন্ত্রী গণতন্ত্র ও সংবিধানকে গর্তের মধ্য ফেলে দিয়েছেন অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনার হাতে সংবিধান নিরাপদ নয়। কারণ প্রধানমন্ত্রীর হাতেই বার বার সংবিধান লঙ্ঘিত হয়েছে। তিনিই বার বার সংবিধানকে কেটে নিজের মত করে তৈরি করেছেন। বিএনপির নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, যে বিচারক বিএনপির শীর্ষ নেতাদের রিমান্ড দিয়েছেন সে প্রকৃত রিমান্ডের অর্থ বুঝেন না। যদি রিমান্ডের অর্থ বুঝতেন তাহলে তিনি এই ধরণের রায় দিতেন না।

সরকার পতনে জনগণ ঐক্য হয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচার সরকার পতন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। কারণ জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার পতনে জনগণ ইতিমধ্যে আন্দোলন গড়ে তুলেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহীর কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরো  বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, যুব দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আবেদ রেজা, নূর আফরোজ জ্যোতি, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. অনোয়ার প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ