ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রথমবারের মতো দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় আমাদের আলোর পথে যাত্রা শুরু হয়েছে।’মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এজন্য আমরা উৎসব করছি। আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। বাংলাদেশকে জাতির পিতার সোনার বাংলা হিসেবে গড়তে চাই।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহারে ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু আমরা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অতিক্রম করেছি। দেশে উৎপাদিত মোট বিদ্যুতের পরিমাণ এখন ১০ হাজার নয়শ’৭৯ মেগাওয়াট। ২০১৪ সালে আরো ৭০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ হবে।’
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব মন্দার পরও মোট বাজেটের দুই লাখ ২২ হাজার ছয়শ’ ৯৬ টাকা এ খাতে দিয়েছি। আমরা সুশাসন প্রতিষ্ঠা করেছি বলেই এটা সম্ভব হয়েছে।’
দেশের বিদ্যুৎ ও মোবাইলফোনের ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির এক মন্ত্রীর কাছে মোবাইল ব্যাবসা কুক্ষিগত ছিল। বিএনপি মন্ত্রীর মনোপলি মোবাইল ব্যাবসার কারণে এক সময় মোবাইলের দাম ছিল এক লাখ ৩০ হাজার টাকা। কল রেট ছিল সর্বনিম্ন ১০ টাকা। আমি ক্ষমতায় এসে মনোপলি ব্যাবসা তুলে দিয়ে সবার জন্য ব্যাবসার সুযোগ সৃষ্টি করে বাজারকে প্রতিযোগিতার স্থানে দাঁড় করিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ এখন মোবাইলফোনের মাধ্যমে ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে পারবে। ব্যাংকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আর কষ্ট করতে হবে না। আবারো ক্ষমতায় এলে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবো।’ শেখ হাসিনা জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ও আলোক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পরপরই হাতিরঝিলে শুরু হয় আলোক উৎসব ও চোখ ধাঁধানো লেজার শো।



