ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
পাবনার সাঁথিয়া উপজেলায় হিন্দুদের ওপর হামলায় জড়িত থাকার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এক আত্মীয়কে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তসলিম উদ্দিন খান (৩৫) নামে ওই ব্যক্তির ছোট ভাই মোস্তাক খান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বড়ভাই আব্দুস সাত্তারের জামাতা। তিনি আতাইকুলা ইউনিয়নের মিয়াপুরের মোসলেম উদ্দিন খানের ছেলে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ প্রথমে প্রতিমন্ত্রীর আত্মীয় তসলিমকে আটকের খবর জানালেও গোয়েন্দা পুলিশের ওসি মীর্জা আব্দুস সালাম তা অস্বীকার করেন। আটকের বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ওসি মীর্জা আব্দুস সালাম বলেন, “তসলিমকে আটক করা হয়নি।” প্রতিমন্ত্রীর ভাইয়ের জামাতা মোস্তাক বলেন, ভাইকে (তসলিম) গোয়েন্দা পুলিশ আটক করেছিল। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে।
গত ১ নভেম্বর রাতে উপজেলার বনগ্রাম এলাকার দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার (১৭) ফেইসবুক পাতায় নবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরদিন কালী পূজার দিনে রাজীব সাহার বাড়িসহ স্থানীয় হিন্দুদের অন্তত ৩৫টি বাড়ি, তিনটি মন্দির ও ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়।




