নোয়াখালী জেলার সুবর্ণচরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জলদস্যু নিহত এবং ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতরা হলো- কালু মিয়া (৪০), রিপন (২৭) ও মোঃ রুবেল (২৪)। শুক্রবার ভোরে সুবর্ণচরের আল-আমিন মৎস্য খামারের পূর্বপাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জানা যায়, সুবর্ণচরের আল-আমিন মৎস্য খামারের পূর্বপাশে একদল জলদস্যু গোপন বৈঠক করছে- এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকা ঘেরাও করে। এ সময় দস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
একপর্যায়ে গোলাগুলি বন্ধ হলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে লাশ ৩টি উদ্ধার করে। এ সময় সেখান থেকে ১টি গান, রাইফেলের ২টি গুলি, বন্দুকের ৩টি গুলি, ২টি রাম দা, ১টি ছোরা ও ১টি সিগন্যাল রকেট লাঞ্চার উদ্ধার করা হয়। কালুর বিরুদ্ধে দুটি হত্যাসহ হাতিয়া ও চরজব্বার থানায় প্রায় ১০টি মামলা রয়েছে। এ ছাড়া রিপন ও রুবেলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।




